চন্দনাইশে ট্রাক থেকে ঝরে পড়া মাটিতে ঝুকিপূর্ণ মহাসড়ক।
এম হেলাল উদ্দিন নিরব
চন্দনাইশ( চট্টগ্রাম) প্রতিনিধি।
চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কে ডাম্পট্রাক ও মিনি ট্রাক যোগে মাটি পরিবহনের সময় ঝরে পড়ে বিটুমিনের উপর সৃষ্টি হয়েছে ছোট ছোট মাটির প্রলেপ। যার কারনে ঝুকিপূর্ণ হয়েছে সড়কটি। রাতে লবণবাহী ট্রাক থেকে নির্গত পানি ও কুয়াশা মিশে পিচ্ছিল কাদাযুক্ত হয়ে উঠেছে । তার উপর দিয়ে নিত্যদিন মারাত্মক ঝুঁকি নিয়ে চলছে দুর-পাল্লার যানবাহন। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে মোটরসাইকেল আরোহীরা। যেকোনো দিন ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে কৃষিজমির টপসয়েল ও পাহাড়-টিলা কেটে ওইসব মাটি ইটভাটা,নিচু জায়গা ভরাট কাজে ব্যবহৃত হচ্ছে। ডাম্পট্রাক যোগে এসব মাটি মহাসড়ক ও অভ্যন্তরীণ সড়ক হয়ে বিভিন্ন জায়গায় নেওয়া হয়। ট্রাক ভর্তি মাটি নিয়ে যাওয়ার সময় ডাম্পট্রাক থেকে ঝরে পড়া মাটিতেই ঝুকিপূর্ণ হয়ে উঠেছে মহাসড়ক।
তারা আরো জানান, সড়ক ও জনপথ বিভাগ, কৃষি বিভাগ, উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কতৃপক্ষের নজরে রাখার কথা। কিন্তু তাদের রহস্যজনক ভাবে নীরব ভূমিকার তাকার কারনে বেপরোয়া হয়ে উঠেছে মাটিদস্যুরা। দিন-রাত সমানতালে এক্সেভেটর দিয়ে কৃষি জমির টপসয়েল কাটা হচ্ছে। নিত্যদিন এভাবে কাটতে থাকলে সাবাড় হবে কৃষি জমি, পাহাড় ও টিলা পাহাড় । মাটিদস্যুদের দৌরাত্মের লাগাম ধরতে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া দাবি জানান তারা।
সরেজমিনে দেখা যায়, মহাসড়কের দোহাজারী পৌর সদর এলাকা ও বাগিচাহাট এলাকায় সড়কের সীমানার একাধিক জায়গায় বিটুমিনের উপর মাটির স্তর পড়েছে।
কোথাও বেশি, আবার কোথাও কম। লবণবাহী ট্রাক ও রাতে কুয়াশায় নির্গত পানির সাথে মাটির প্রলেপে মিশে ছোট-বড় দুর্ঘটনা ঘটে চলেছে।
মোটরসাইকেল আরোহী তোমার ইমতিয়াজ আহমেদ বাংলাদেশের খবর প্রতিবেদক কে জানান, সড়কের উপর মাটির প্রলেপ পড়ে বিভিন্ন জায়গায় পিচ্ছিল হয়ে পড়েছে। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত খুবই ঝুকিপূর্ণ হয়ে উঠেছে সড়ক। রাতে লবণবাহী ট্রাক হতে নির্গত পানি সড়কে পড়া মাটির সাথে মিশে
ঘটছে বড় ধরনের দুর্ঘটনা।
দোহাজারী সড়ক বিভাগ, শুভ রঞ্জন চাকমা বলেন, আমরা পুলিশকে এ বিষয়ে চিঠি পাঠাবো, তারা যেন আইনী পদক্ষেপ নেন। যারা জনগণের ক্ষতি করতে বসেছে, তাদেরকে সাধারণ জনগণ মিলে প্রতিহত করতে হবে। এসব মাটি কোন জায়গা থেকে আসতেছে এবং কোন জায়গায় যাচ্ছে সেদিকে সবাইকে নজর দিতে হবে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫ । ৮:১১ পিএম